Rampurhat | ছটপুজোর জন্যে দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান! রামপুরহাটে নোটিস ঘিরে ছড়াচ্ছে উত্তেজনা
Saturday, November 14 2026, 2:26 pm

Key Highlightsরামপুরহাট পৌরসভার পৌরপ্রধান সৌমেন ভগত জানিয়েছেন, ছটপুজোর মতো ধর্মীয় উৎসবের কথা মাথায় রেখেই আপাতত দু’দিন দোকানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছটপুজো উপলক্ষে দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। রামপুরহাটে এমনই নোটিস দিলো তৃণমূল পরিচালিত পৌরসভা। পৌরসভার এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শহরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রামপুরহাট মহকুমা আদালত থেকে গান্ধী পার্ক যাওয়ার রাস্তায় তিনটি মাংসের দোকান রয়েছে। পৌরসভা সূত্রে খবর, আগামী রবিবার ও সোমবার, ছটপুজোর এই দু’দিন দোকান বন্ধ রাখার জন্যে সংশ্লিষ্ট দোকানগুলির মালিকদের হাতে ইতিমধ্যেই নোটিস তুলে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে মাংস ব্যাবসায়ীদের। রামপুরহাটের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘‘মানুষের জন্য সরকারের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। অথচ সেসব না করে কে কী খাবেন, কীভাবে চলবেন, তা নিয়ে নির্দেশিকা জারি করা হচ্ছে।”
- Related topics -
- রাজ্য
- রামপুরহাট কাণ্ড
- ছটপুজো
- মাংস


