Mohun Bagan | কবে মহিলা ফুটবল শুরু করবে মোহনবাগান? বিস্তারিত জানালেন ক্লাব সচিব

Key Highlightsক্লাব তাঁবুতে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের পর সাংবাদিক সম্মেলন করেন দুই কর্মকর্তা। সেখানে ক্লাবের মহিলা ফুটবল নিয়ে আলোকপাত করেন তাঁরা।
মহিলা ফুটবল শুরুর জন্যে মুখিয়ে রয়েছে সবুজ-মেরুন সমর্থকরা। এদিন ক্লাব তাঁবুতে এক্সিকিউটিভ কমিটির মিটিং করলেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বোস। সেখানে ক্লাবের মহিলা ফুটবল নিয়ে আলোকপাত করেন দুই কর্মকর্তা। ক্লাব সভাপতি বলেন, “পরিকাঠামো নিয়ে আজকেও আমাদের আলোচনা হয়েছে। ফুটবল কোম্পানির সঙ্গে এই নিয়ে আমাদের কথা চলছে। আমরা চেষ্টা করছি, ড্রেসিং রুম-সহ একটা আলাদা মাঠের ব্যবস্থা করতে। সেটা পেলেই আমরা মহিলা ফুটবল শুরু করে দেব।” ক্লাব সচিব সৃঞ্জয় বোসও জানান, “মহিলাদের স্পোর্টসের জন্য আলাদা পরিকাঠামো দরকার। এখনও তো অনেক ক্লাব ক্রিকেটের পরিকাঠামোই তৈরি করতে পারেনি। আমরা একটু সময় নিচ্ছি। পিছিয়ে যাচ্ছি না। আমরা করব।” যুবভারতীতে দিলজিৎ দোসাঞ্ঝের অনুষ্ঠানের জন্য পিছিয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। এ বিষয়ে দেবাশিস দত্ত বলেন, “যুবভারতীর সঙ্গে আমাদের অনুশীলন ও ম্যাচের আগে-পরে তিনদিনের চুক্তি। যা সরকার বিনামূল্যে করে দিয়েছে। আমার খেলা এগিয়ে বা পিছিয়ে গেলে, আমি নিশ্চয়ই প্রশ্ন তুলতাম। কোনও ক্লাবের তো ভালো ফর্ম নেই। এই অছিলায় হয়তো ম্যাচ পিছিয়ে গেলে সুবিধা হবে, এরকম ভাবতে পারে।”


