Durga Puja 2026 | দেবী দুর্গার চার সন্তান, চার দেবশক্তি: বাঙালির দুর্গাপ্রতিমায় লুকিয়ে জীবনের গভীর বার্তা

Key Highlightsশরতের নীল আকাশ, ঢাকের বাদ্যি আর মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আবাহন বাঙালির কাছে আবেগ ও পারিবারিক মিলনের প্রকাশ। বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপ্রতিমায় মা দুর্গার দুই পাশে রয়েছেন তাঁর চার সন্তান, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। একই প্রতিমায় এই চার দেবদেবীর উপস্থিতিতে লুকিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন দেবশক্তির গভীর তাৎপর্য। দেবী লক্ষ্মী সমৃদ্ধি, সৌভাগ্য ও ঐশ্বর্যের প্রতীক। বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী জ্ঞান, সৃজনশীলতা এবং প্রজ্ঞার প্রতীক। দেবসেনাপতি কার্তিক বীরত্ব, শৃঙ্খলা ও সাহসের প্রতীক। গণেশ হলেন বিঘ্ননাশক এবং শুভারম্ভের দেবতা। বাংলার দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য হল দেবী দুর্গাকে সন্তান-পরিবেষ্টিত মাতৃরূপে কল্পনা করা। তিনি আমাদের ঘরের মেয়ে, কৈলাস ছেড়ে বছর ঘুরে পাঁচ দিনের জন্য বাপের বাড়ি এসেছেন। বাংলার দুর্গাপ্রতিমায় এই পারিবারিক রূপ আঞ্চলিক সংস্কৃতি ও লোকভাবনার পরিচয় বহন করে। দেবী এখানে শুধু অসুরদলনী নন, তিনি ঘরের মেয়ে, মমতাময়ী মা এবং পরিবারের কেন্দ্রবিন্দু। দেবী আমাদের জানান দেন জ্ঞান, সাহস, প্রাচুর্য ও বিবেচনাবোধের সমন্বয়েই আসে প্রকৃত কল্যাণ। মহাসপ্তমীর আবহে মা দুর্গা ও তাঁর চার সন্তান বাঙালির বিশ্বাস, সংস্কৃতি ও জীবনের নানা আকাঙ্ক্ষার সম্মিলিত প্রতিচ্ছবি।
শরতের নীল আকাশ, ঢাকের বাদ্যি আর মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আবাহন—বাঙালির কাছে দুর্গাপুজো শুধুই ধর্মীয় উৎসব নয়, বছর ঘুরে আবেগ ও পারিবারিক মিলনের প্রকাশ। বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপ্রতিমার দিকে তাকালে চোখে পড়ে এক পরিচিত দৃশ্য—মা দুর্গার দুই পাশে রয়েছেন তাঁর চার সন্তান, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। একই প্রতিমায় এই চার দেবদেবীর উপস্থিতি কি কেবল পারিবারিক সম্পর্কের প্রকাশ, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন দেবশক্তির গভীর তাৎপর্য?

সমৃদ্ধি, জ্ঞান, সাহস ও শুভবুদ্ধির প্রতীক:
হিন্দু পৌরাণিক বিশ্বাসে দেবী লক্ষ্মী সমৃদ্ধি, সৌভাগ্য ও ঐশ্বর্যের প্রতীক। দুর্গাপ্রতিমায় তাঁর উপস্থিতি জীবনে প্রাচুর্য, কল্যাণ ও মঙ্গলের আকাঙ্ক্ষাকে স্মরণ করিয়ে দেয়। তবে সমৃদ্ধির অর্থ শুধু অর্থসম্পদ নয়; সুখ, শান্তি ও সংসারের স্থিতিও বয়ে আনেন দেবী।

অন্যদিকে, বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী জ্ঞান, সৃজনশীলতা এবং প্রজ্ঞার প্রতীক। লক্ষ্মী ও সরস্বতীর পাশাপাশি অবস্থান যেন মনে করিয়ে দেয়, জীবনের পূর্ণতা কেবল সম্পদে নয়, জ্ঞান ও সংস্কৃতির বিকাশেও নিহিত।

দেবী দুর্গার অপর সন্তান কার্তিক দেবসেনাপতি হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে বীরত্ব, শৃঙ্খলা ও সাহসের ভাবনা। পৌরাণিক আখ্যান অনুযায়ী তিনি দেবতাদের সেনাপতি। অসুরদের বিরুদ্ধে যুদ্ধে তিনি নেতৃত্ব দেন। এই অসুর কেবল একশ্রেণীর বিরোধী দল নন। তাঁরা অশুভ শক্তি। গুপ্তার্থে কার্তিক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তির প্রতীক।

গণেশ হলেন বিঘ্ননাশক এবং শুভারম্ভের দেবতা। তাঁর সঙ্গে যুক্ত রয়েছে বুদ্ধি, বিচক্ষণতা ও সাফল্যের ধারণা। যে কোনও শুভ কাজের শুরুতে গণেশের পূজা করার প্রচলন রয়েছে। শুভশক্তির প্রতীক এই দেবতা যেকোনো ধরণের বিপদ নাশ করতে পারেন তিনি।

এক প্রতিমায় চার দেবশক্তির সহাবস্থান:
বাংলার দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য হল দেবী দুর্গাকে সন্তান-পরিবেষ্টিত মাতৃরূপে কল্পনা করা। তিনি আমাদের ঘরের মেয়ে। কৈলাস ছেড়ে বছরঘুরে ৫ দিনের জন্যে বাপের বাড়ি এসেছেন তিনি। নিয়ে এসেছেন শান্তি, সমৃদ্ধি, জ্ঞানের ডালি। লক্ষ্মীর মাধ্যমে সমৃদ্ধি, সরস্বতীর মাধ্যমে জ্ঞান, কার্তিকের মাধ্যমে সাহস এবং গণেশের মাধ্যমে শুভবুদ্ধি, ৪ দেবদেবীর মধ্যে চারটি গুরুত্বপূর্ণ মানবিক আকাঙ্ক্ষার প্রকাশ খুঁজে পাওয়া যায়। আর তাঁদের কেন্দ্রে অবস্থান করেন স্বয়ং দেবী দুর্গা, যিনি শক্তি, সুরক্ষা ও অশুভের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক।
পৌরাণিক সম্পর্কের সঙ্গে বাঙালির সাংস্কৃতিক কল্পনা:
বাংলার দুর্গাপ্রতিমায় এই পারিবারিক রূপের জনপ্রিয়তা ধর্মীয় আখ্যানের পাশাপাশি আঞ্চলিক সংস্কৃতি ও লোকভাবনারও পরিচয় বহন করে। দেবী এখানে শুধু অসুরদলনী নন, তিনি ঘরের মেয়ে, মমতাময়ী মা এবং পরিবারের কেন্দ্রবিন্দু। দেবী দুর্গার চার সন্তানকে ঘিরে প্রচলিত পৌরাণিক প্রতীকগুলির আধুনিক তাৎপর্যও এখানেই। ব্যক্তিজীবন হোক বা সমাজজীবন—জ্ঞান, সাহস, প্রাচুর্য ও বিবেচনাবোধের সমন্বয়েই আসে প্রকৃত কল্যাণ।

তাই বাংলার দুর্গাপুজোর প্রতিমায় মা দুর্গা ও তাঁর চার সন্তান কেবল এক পৌরাণিক পরিবারের ছবি নন। তাঁরা বাঙালির বিশ্বাস, সংস্কৃতি ও জীবনের নানা আকাঙ্ক্ষার সম্মিলিত প্রতিচ্ছবি। মহাসপ্তমীর এই আবহে সেই প্রতিমা যেন মনে করিয়ে দেয়, সত্যিকারের মঙ্গল আসে শক্তি ও শুভবুদ্ধির মিলনেই।









