Weather Update | উত্তর-পূর্ব ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, জুলাই থেকে বদলাবে আবহাওয়া!

Key Highlightsএকদিকে উত্তরবঙ্গে হচ্ছে ভারী বৃষ্টিপাত, অন্যদিকে দক্ষিণে বৃষ্টির অপেক্ষা।
একদিকে উত্তরবঙ্গে হচ্ছে ভারী বৃষ্টিপাত, অন্যদিকে দক্ষিণে বৃষ্টির অপেক্ষা। এমতো অবস্থায় আবহাওয়া দফতর জানালো, সোমবারের পর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। তার আগে আকাশ কমবেশি মেঘলা থাকবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেলা বাড়লে ১০০ শতাংশেও পৌঁছে যেতে পারে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ফিল লাইক টেম্পারেচার ৫০ ডিগ্রি হতে পারে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি না হলে অস্বস্তি সূচক ১১০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। উত্তর-পূর্ব ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি প্রচুর জলীয় বাষ্পের হাত ধরে শক্তি বৃদ্ধি করছে। ফলে জুলাই মাসের ২ বা ৩ তারিখে নিম্নচাপ হিসেবে দেখা দিতে পারে। তারপর তা ধীরে ধীরে পা বাড়াতে পারে স্থলভাগের দিকে। যার প্রভাব পড়তে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে।


