Weather Update | দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট! আজও রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সর্তকতা!

Key Highlightsচলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ বাড়তে বাড়তে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তর থেকে ক্রমশ দক্ষিণবঙ্গে সরে আসছে বৃষ্টির দাপট। চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ বাড়তে বাড়তে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখাটি উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত, এটিও উত্তরবঙ্গের উপর দিয়ে প্রসারিত হয়েছে। এর জেরে উত্তরবঙ্গে সপ্তাহের প্রথমার্ধ্বে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। তবে সপ্তাহান্তে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে রীতিমতো দাপট দেখাবে বর্ষা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বুধবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে প্রায় সব জেলায়। আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সর্তকতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।


