Train Service Disrupted | খড়্গপুরের ঠিক আগে ট্রেনে পাথর হামলা, কামরায় এসে পড়ল ইটের টুকরো! আতঙ্কে যাত্রীরা

Key Highlights২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে হিসেব সামনে এসেছিল, তাতে দেখা যায় ট্রেনে পাথর ছোড়ার মোট ১৬৯৮ টি অভিযোগ দায়ের হয়েছে।
ফের চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে। স্থানীয় সূত্রে খবর, এদিন জকপুর স্টেশন পেরোনোর কিছুক্ষণ পরেই হাতিগোলা ব্রিজের কাছে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। হামলার অভিঘাতে ট্রেনের ডি-৮ কামরার একটি জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। বেঁকে যায় জানলার লোহার শিক। ইটের বড় বড় টুকরো ট্রেনের কামরার মধ্যে এসে পড়ে বলেও জানান যাত্রীরা। খড়্গপুর স্টেশন থেকে দুই কিলোমিটার আগে এই ঘটনা ঘটে। চলন্ত ট্রেনে হঠাৎ করে বিকট শব্দ হওয়ায় চমকে ওঠেন যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে কামরায়। খড়্গপুর ডিভিশনের এক আধিকারিক বলেন, “খড়্গপুর স্টেশনে ঢোকার আগে এমন একটি ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি।” সূত্রের খবর, ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ট্রেনে পাথর ছোড়ার মোট ১৬৯৮ টি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ‘জিরো-টলারেন্স অ্যাপ্রোচ’ নেওয়া হবে, জানিয়েছে রেল।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- লোকাল ট্রেন
- স্থানীয় ট্রেন পরিষেবা
- হাওড়া
- খড়গপুর
- হামলা
- পুরুলিয়া


