Chorbagan Stampede | পদপিষ্টের ঘটনার তদন্তে চোরবাগানে SIT- ফরেন্সিক দল, মণ্ডপের ভিতর এবং বাইরে থেকে সংগ্রহ করা হচ্ছে নমুনা!

Key Highlightsচোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনা কীভাবে ঘটলো সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার ঘটনাস্থলে গেল SIT।
চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনা কীভাবে ঘটলো সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার ঘটনাস্থলে গেল SIT। সঙ্গে ছিল ফরেন্সিক দলও। জানা গিয়েছে, মণ্ডপের ভিতর এবং বাইরে থেকে তাঁরা তথ্য সংগ্রহ করেছেন। এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পৌঁছন তদন্তকারী দলের ৬ জন সদস্য। সূত্রের খবর, ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা। কী ভাবে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হলো, তা বোঝার চেষ্টা করেন। সেদিন ঠিক কী ঘটেছিল, কী ভাবে পদপিষ্টের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার পাশাপাশি কোন সময়ে এবং মণ্ডপের ঠিক কোন অংশে প্রথম ভিড়ের চাপ বাড়তে শুরু করেছিল, তা চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তকারী দলকে। মণ্ডপে দর্শনার্থীর সংখ্যা বেশি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে। পাশাপাশি মণ্ডপ ভেঙে পড়ার গুজব বা ঘোষণা থেকে আতঙ্ক ছড়িয়েছিল কি না, দেখা হবে তা-ও। বৃষ্টির কারণও তদন্তকারীদের কাছে অন্যতম বিচার্য বিষয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত শনিবার প্রথম সপ্তমীতে চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। আহত হন ২৫ জন।
- Related topics -
- শহর কলকাতা
- দুর্গাপুজো
- পদপিষ্ট
- ফরেনসিক দল


