RSS | ‘পাকিস্তান বা চিনের সাধারণ নাগরিকরা আমাদের শত্রু নন….ঐতিহাসিক এবং সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে’- দাবি RSS প্রধান ভাগবতের

Saturday, August 8 2026, 4:15 pm
RSS | ‘পাকিস্তান বা চিনের সাধারণ নাগরিকরা আমাদের শত্রু নন….ঐতিহাসিক এবং সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে’- দাবি RSS প্রধান ভাগবতের
highlightKey Highlights

আরএসএস প্রধানের বক্তব্য, দ্বন্দ্ব মেটাতে কোনও দেশকে দখল বা ধ্বংস করা নয়, বরং সম্প্রীতি এবং আত্মীকরণের মাধ্যমে তার সমাধান খোঁজা দরকার।


সম্প্রতি মুম্বইয়ে ‘ইন্ডিয়ান্স ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস’ (আইআইএমইউএন)-এর ১৫তম প্রতিষ্ঠা-বার্ষিকীতে উপস্থিত ছিলেন ভাগবত। সেখানেই আঞ্চলিক সংঘাত নিয়েই কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান বা চিনের সাধারণ নাগরিকরা আমাদের শত্রু নন। তাঁদের সঙ্গে আমাদের বহু বছর ধরে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে।’ ভাগবতের কথায়, ‘চিরস্থায়ী ঘৃণা বা শত্রুতা কোনও সমাধান নয়। সংঘাত সম্পর্কে চিড় ধরাতে পারে। কিন্তু তা পুরোপুরি ছিন্ন করতে পারে না। ছিন্ন করা উচিতও নয়। দ্বন্দ্ব মেটাতে আলোচনার প্রয়োজন।’ তাঁর পরামর্শ, ‘সংঘাতের সময় আমাদের সরকার যা-ই করুক না কেন, সরকারের সঙ্গেই থাকতে হবে। তবে তার মানে এই নয় যে, আমরা পুরোনো সম্পর্ক ভুলে যাব। আমরা জানি, এক সময়ে সংঘাত থামবে। থামতেই হবে এবং আমাদের একত্রিতও হতে হবে। চিনের মানুষেরাও স্বীকার করেন, দু’হাজার বছর ধরে ভারত থেকে তাঁরা নানা কিছু গ্রহণ করেছেন। পাকিস্তানও ১০০ বছর আগে ভারত ভূখণ্ডেরই অংশ ছিল।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File