Baruipur Case | বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তে ঘটনাস্থলে অভিযুক্তদের নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ! সঙ্গে গেলো সিট-ফরেন্সিক দলও!

Key Highlightsমঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল বিশেষ তদন্তকারী দল বা সিট।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে তোলপাড় গোটা রাজ্য। ওই ঘটনার তদন্তে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল বিশেষ তদন্তকারী দল বা সিট। সঙ্গে গিয়েছিল ফরেন্সিক দলও। তারাও ঘটনাস্থল ঘুরে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে রেললাইনের ধারে যে জায়গায় ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ, মঙ্গলবার সেখানেই গিয়েছিলেন তদন্তকারীরা। সঙ্গে নিয়ে যাওয়া হয় তিন অভিযুক্ত কবীর মোল্লা, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে। ঘটনার পুনর্নির্মাণের সময়ে সাক্ষী হিসেবেও দু’জন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বারুইপুরে মোট চারটি মামলা দায়ের হয়েছে। প্রথমটি হলো, নাবালিকাকে ধর্ষণ-খুন। দ্বিতীয় মামলাটি হলো, প্রতিবাদ-বিক্ষোভের সময়ে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু। তৃতীয় মামলা- পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ এবং গাড়ি ভাঙচুর। আর চতুর্থ মামলা রেল অবরোধ এবং রেলের সম্পত্তি নষ্ট সংক্রান্ত।


