Weather Update | পুজোর মরসুমে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, আজ থেকেই দুইবঙ্গে বৃষ্টির পূর্বাভাস!

Key Highlightsবঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উৎসবের দোরগোড়ায় ফের চোখ রাঙাচ্ছে দুর্যোগ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পরবর্তীতে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে একটানা বৃষ্টির কারণে ধসের আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় ২১ ও ২২ সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে আপাতত ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আইএমডি। নিম্নচাপের গতিপ্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে।


