Weather Update | এখনই বৃষ্টি কমছে না দক্ষিণবঙ্গে, একদিনেই ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা! জারি সতর্কতা!

Key Highlightsআজ, শুক্রবারও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে এখন সক্রিয় বর্ষা। তার জেরেই রাতভর বৃষ্টি হল রাজ্যের বিভিন্ন অংশে। আজ, শুক্রবারও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। অন্যদিকে, সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণেই ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। এর ফলে আগামী ৩-৪ দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এই তিন জেলায় একদিনেই ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। রবিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।


