Heavy Rain | রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ, শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে!

Key Highlightsআবহাওয়া দফতর জানিয়েছে, এক দিকে মৌসুমি অক্ষরেখা, অন্য দিকে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার ফলে চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে।
বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, এক দিকে মৌসুমি অক্ষরেখা, অন্য দিকে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার ফলে চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সকাল সাড়ে ছ’টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টি পেয়েছে শহর। এর মধ্যে বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে মোট ৮৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। এদিকে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই।


