Ram Mandir | রামমন্দিরে চাকরির জন্য দিতে হত ‘কমিশন, ট্রাস্টি সদস্যের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ!

Key Highlightsএবার অভিযোগ, মন্দিরের চাকরিতে নিয়োগেও চলত দুর্নীতি। কাজ পেতে দিতে হতো কমিশন।
অযোধ্যার রামমন্দিরে অনুদানের নগদ টাকা, সোনা-রূপো-সহ মূল্যবান রত্ন সামগ্রী চুরির অভিযোগের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার অভিযোগ, মন্দিরের চাকরিতে নিয়োগেও চলত দুর্নীতি। কাজ পেতে দিতে হতো কমিশন। আর এই ঘটনায় আতসকাচের তলায় ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সদস্য অনিল মিশ্রর ভূমিকা। রামমন্দিরে কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই সামনে আসে নিয়োগে অনিয়মের অভিযোগ। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার পুলিশ অভিযুক্ত অবিনাশ মিশ্রকে জেরার সময়ে একাধিক বার অনিল মিশ্রের নাম উঠে আসে। অভিযুক্তদের দাবি, অনুদান কেলেঙ্কারির অন্যতম মাথা তিনি। তাঁদের বয়ান অনুযায়ী, রাম মন্দিরের অধিকাংশ কর্মীকে অনিল মিশ্রের সুপারিশে নিয়োগ করা হয়েছিল। মন্দিরের অন্তত ১২৫ জন কর্মী মিশ্রের সুপারিশে চাকরি পেয়েছেন। যাঁদের মধ্যে তাঁর কয়েকজন আত্মীয়ও রয়েছেন। চাকরির জন্য তাঁদের থেকে কমিশনও পেতেন অনিল মিত্র।


