Allahabad High Court | "শ্বশুরবাড়িতে মানিয়ে নে বলা বন্ধ করুন!"- পণ–মৃত্যুর মামলায় মন্তব্য এলাহাবাদ হাইকোর্টের

Key Highlightsবাপের বাড়ির এই ‘মানিয়ে নে’ বলার প্রবণতাই যে অনেক মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, সেটাই প্রকারান্তরে বুঝিয়ে দিল এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক একটি মন্তব্য।
‘মানিয়ে নে’ বলার প্রবণতাই মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, মন্তব্য এলাহাবাদ হাইকোর্টের। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিদের বক্তব্য, ‘কেসটা (মীনা ও তাঁর কন্যাসন্তানের মৃত্যু) আমাদের এই শিক্ষাই দেয়— মেয়েরা যদি শ্বশুরবাড়িতে হেনস্থা, অপমানের কথা বাপের বাড়িতে বলে, সাহায্য চায়, তবে তাদের কথা সহমর্মিতার সঙ্গে শুনুন। সেগুলোকে গুরুত্ব দিন, প্রয়োজনীয় পদক্ষেপ করুন। মেয়েদের নিরাপত্তা ও সম্মান রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।’ বিচারপতি রাজেশ সিং চৌহান এবং বিচারপতি অবধেশ কুমার চৌধরির বেঞ্চের বক্তব্য, ‘মেয়েরা শ্বশুরবাড়িতে হেনস্থার শিকার হলে প্রায়ই বিয়ে বাঁচানোর জন্য তাঁদের মানিয়ে নিতে বলা হয়। মেয়েরা তাঁদের উপরে হওয়া অত্যাচারের কথা বললেও বাপের বাড়ি গুরুত্ব দেয় না। কিন্তু আদালত মনে করে, এই মানিয়ে নেওয়ার পরামর্শ আদতে অপরাধীদের সাহস বাড়িয়ে দেয় এবং নির্যাতিতার উপরে অত্যাচার, হেনস্থা বাড়তেই থাকে। তারই চরম পরিণতি ডেকে আনে মৃত্যু।’


