Assam Flood | অসমে বন্যায় মৃত্যু ১০০ জনের! মৃত্যু ৪৩,৩৩১টি গবাদি পশুর! প্লাবিত ১১,৯৩৩.৪৬ হেক্টর ফসলের খেত!

Key Highlightsএখনও চরইদেও, দারাং, গোলাঘাট, জোড়হাট, কার্বি আংলং, নগাঁও এবং শিবসাগর জেলায় ১,৩৭,৫০০ জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।
বন্যায় বিপর্যস্ত অসম। গত ২৪ ঘণ্টায় দুর্যোগের বলি হয়েছেন আরও দু’জন। এর জেরে রাজ্যের বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছুঁল। সরকারি সূত্রে জানা গিয়েছে, এখনও চরইদেও, দারাং, গোলাঘাট, জোড়হাট, কার্বি আংলং, নগাঁও এবং শিবসাগর জেলায় ১,৩৭,৫০০ জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। গোলাঘাট জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে প্রায় ৭০,০০০ মানুষ বন্যার জেরে বিপদে পড়েছেন। এরপর রয়েছে শিবসাগর (৪০,০০০) ও জোরহাট (১৬,০০০)। গত শনিবার থেকে বৃষ্টি কমায় পরিস্থিতির কিছুটা উন্নত হয়েছে। প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, ছয়টি জেলায় ১২৫টি ত্রাণশিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র তৈরি করা হয়েছে। যেখানে বর্তমানে ৪৯,০৬১ জন ক্ষতিগ্রস্ত মানুষ আশ্রয় নিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৪৫৬টি গ্রাম এখনও প্লাবিত। জলের নিচে চলে গিয়েছে ১১,৯৩৩.৪৬ হেক্টর ফসলের খেত। ভয়ংকর বন্যার জলে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি জেলার বাঁধ, সড়ক, সেতু-সহ অন্যান্য অবকাঠামো। শেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের ৪৩,৩৩১টি গবাদি পশু ও হাঁস-মুরগির মৃত্যু হয়েছে বন্যায়।


