Telangana | পুলিশকর্তার বাড়ি থেকে উদ্ধার ৩০০ কোটির বেআইনি সম্পত্তি! চাঞ্চল্য তেলেঙ্গানায়

Key Highlightsপুলিশকর্তার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৩০০ কোটির বেআইনি সম্পত্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায় (Telangana)।
তেলেঙ্গানায় চাঞ্চল্যকর ঘটনা। পুলিশকর্তার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৩০০ কোটির বেআইনি সম্পত্তি। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সঙ্কিরেড্ডি ভীম রেড্ডি। তিনি তেলেঙ্গানার ডেপুটি পুলিশ সুপার ছিলেন। সম্প্রতি খবর আসে সঙ্কিরেড্ডির কাছে প্রচুর পরিমাণে আয়বহির্ভূত সম্পত্তি রয়েছে। তল্লাশি অভিযান শুরু করে সোমবার সন্ধ্যায় হায়দরাবাদের ইব্রাহিমবাগের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এসিবি সূত্রে খবর, গত ২ জুলাই থেকে ৬ জুলাই চারদিন তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত পুলিশকর্তার একটি ঠিকানা থেকে উদ্ধার হয়েছে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা। অপর ঠিকানা থেকে ৪০ লক্ষ টাকা, ২ কেজি সোনার গয়না, ২০ কেজি রুপোর গয়না এবং অন্যান্য পাওয়া গিয়েছে। তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকার হদিশ মিলেছে। ইব্রাহিমবাগ, মণিকোন্ডা, তেল্লাপুর থেকে উদ্ধার হয়েছে একাধিক ফ্ল্যাট, বাংলো এবং রিসর্ট।


