Puri Memu Train | পুরী স্টেশনের কাছে লাইনচ্যুত যাত্রিবাহী ট্রেন! ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক!

Key Highlightsশুক্রবার দুপুরে পুরী স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায় যাত্রিবাহী তালচের-পুরী মেমু ট্রেন।
ওডিশার পুরী স্টেশনের কাছে দুর্ঘটনা। লাইনচ্যুত যাত্রিবাহী ট্রেন! শুক্রবার দুপুরে পুরী স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায় যাত্রিবাহী তালচের-পুরী মেমু ট্রেন। স্টেশনে ঢোকার প্রায় ৫০০ মিটার আগে, প্ল্যাটফর্ম নম্বর ৩-এর কাছে বেলাইন হয়ে যায় ট্রেনটির ইঞ্জিন। তবে ট্রেনটি সে সময়ে ধীর গতিতে চলায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও যাত্রীর হতাহত হওয়ার খবর নেই। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, তালচের থেকে পুরীর দিকে আসছিল MEMU ট্রেনটি। পুরী স্টেশনের কাছে পৌঁছনোর সময়ে আচমকাই ইঞ্জিনের চাকা লাইন থেকে পিছলে সরে যায়। ট্রেনটি তখন তুলনামূলক কম গতিতে চলছিল। ফলে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরেই রেলের কর্মীরা এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লাইনচ্যুত ইঞ্জিনটি সরানোর কাজ শুরু হয়।


