Puri Bus Accident | ওডিশায় ভয়াবহ দুর্ঘটনা, পুরীগামী বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৬!

Friday, November 13 2026, 6:36 am
Puri Bus Accident | ওডিশায় ভয়াবহ দুর্ঘটনা, পুরীগামী বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৬!
highlightKey Highlights

শুক্রবার ভোরে ওডিশার জাজপুরের বড়চানায় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল পুণ্যার্থীদের একটি বাস।


শুক্রবার ভোরে ওডিশার জাজপুরের বড়চানায় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল পুণ্যার্থীদের একটি বাস। মেদিনীপুর থেকে ৫৫ জন যাত্রী নিয়ে বাসটি পুরী যাওয়ার পথে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওভারব্রিজের উপরে দাঁড়ানো ট্রাকটির টায়ার পাংচার হয়েছিল। প্রাথমিক তদন্তে অনুমান, বাসচালকের ঘুমের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই ধাক্কায় বাসের ১৬ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ৫ জন মহিলা-সহ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে প্রথমে বড়চানা কমিউনিটি হেলথ সেন্টারে ও পরে দু'জনকে কটকে স্থানান্তরিত করা হয়। ভোরের এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। বড়চানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাকি যাত্রীদের বিকল্প গাড়ির ব্যবস্থায় পুরীর উদ্দেশে পাঠিয়ে দেয়। দুর্ঘটনার জেরে কিছু সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File