Durga Puja | ‘দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়’, দলের নেতা-বিধায়কদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যর!

Key Highlightsরাজ্যে পালাবদলের পর দলের নেতা, বিধায়কদের কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
তৃণমূলের শাসনকালে বিভিন্ন দুর্গাপুজো বিভিন্ন মন্ত্রী, নেতার পুজো হিসেবে মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিল। এবার রাজ্যে পালাবদলের পর দলের নেতা, বিধায়কদের কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কোনও পুজো ‘দখল’ করা যাবে না বলে জানিয়ে দিলেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, ‘দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়।’ তিনি নিজেও কোনও দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন না বলে জানিয়ে দিলেন। এক্স হ্যান্ডলে এক বার্তায় শমীক লেখেন, ‘কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনও পুজোর পরিচালনার দায়িত্ব নেব না। একজন বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনও পুজো কমিটির সভাপতি হতে পারেন—সেটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয় যে, রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন। দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়। পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক—এই বিশ্বাস থেকেই আমাদের এই সিদ্ধান্ত। উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতির দখলে নয়।’
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- দুর্গাপুজো
- শমীক ভট্টাচার্য
- বিজেপি


