China Border | চিন সীমান্তের কাছে সেনা ও পুলিশের মধ্যে সংঘর্ষ, অসম রেজিমেন্টের এক মেজর-সহ ১০ জনেরও বেশি সেনা জওয়ানের বিরুদ্ধে মামলা!

Key Highlightsচিন সীমান্তের কাছে উত্তরাখণ্ডের মাণা গ্রামে সেনা ও পুলিশের মধ্যে সংঘর্ষের অভিযোগ ঘিরে চাঞ্চল্য।
চিন সীমান্তের কাছে উত্তরাখণ্ডের মাণা গ্রামে সেনা ও পুলিশের মধ্যে সংঘর্ষের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনায় অসম রেজিমেন্টের এক মেজর-সহ ১০ জনেরও বেশি সেনা জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরাখণ্ড পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ মাণা গ্রামের কাছে ব্যারিকেড দিয়ে যানবাহন পরীক্ষা করছিল পুলিশ। সেই সময় এলাকায় কাঁওয়ারিয়াদের ভিড় থাকায় যানজটের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। একের পর এক গাড়ি পরীক্ষা করার কারণে কিছুটা দেরিও হচ্ছিল। সেই সময় ৬৪ ইঞ্জিনিয়ারিং অসম রেজিমেন্টের মেজর অনমোল প্রীত নিজের গাড়ি নিয়ে ওই এলাকায় পৌঁছন।অভিযোগ, গাড়ির নথিপত্র পরীক্ষা করতে গিয়ে দেরি হওয়াকে কেন্দ্র করে মেজরের সঙ্গে কর্তব্যরত এক হোমগার্ড কর্মীর বচসা শুরু হয়। প্রথমে পরিস্থিতি কথাকাটাকাটির মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে। পরে মেজর ঘটনাস্থল থেকে চলে যান। কিন্তু কিছুক্ষণ পর তিনি আরও কয়েকজন সেনা জওয়ানকে সঙ্গে নিয়ে সেখানে ফিরে আসেন বলে অভিযোগ। পুলিশের দাবি, ফিরে এসে সেনা জওয়ানরা ওই হোমগার্ড কর্মীর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে বদরিনাথ থানার এক সাব-ইন্সপেক্টর এবং এক পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, এরপর তাঁদের সঙ্গেও সেনা জওয়ানদের বচসা ও হাতাহাতি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর সেনা জওয়ানরা সেখান থেকে চলে যান।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারত-চিন সীমান্ত
- জওয়ান


