Indian Athlete | কমনওয়েলথ গেমস শেষে পদকজয়ী ক্রীড়াবিদদের জন্য পুরস্কারের অর্থ বৃদ্ধি করলো কেন্দ্র, কোন খেলায় মিলবে কত টাকা?

Key Highlightsভারতীয় ক্রীড়াবিদদের উৎসাহ দিতে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ীদের জন্য নগদ পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার।
গতকালই শেষ হয়েছে কমনওয়েলথ গেমস। মোট ৩৯টি পদক নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। মোট ১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ পদক জিতেছেন দেশের ক্রীড়াবিদরা। এবার ভারতীয় ক্রীড়াবিদদের উৎসাহ দিতে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ীদের জন্য নগদ পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। নতুন নীতিতে অলিম্পিক, প্যারালিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যুব প্রতিযোগিতা ও প্যারা স্পোর্টস – সব ক্ষেত্রেই পদকজয়ীদের জন্য নতুন পুরস্কার তালিকা ঘোষণা করা হয়েছে। এবার থেকে অলিম্পিক ও প্যারালিম্পিকে সোনা জিতলে দেওয়া হবে ১ কোটি টাকা। রুপোজয়ীদের জন্য পুরস্কার ৭৫ লক্ষ টাকা ও ব্রোঞ্জজয়ীদের জন্য দেওয়া হবে ৫০ লক্ষ টাকা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলে মিলবে ৮০ লক্ষ টাকা। প্রতি বছর আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলে পুরস্কার দেওয়া হবে ৫০ লক্ষ টাকা। এশিয়ান গেমসে সোনা জিতলে ৫০ লক্ষ টাকা, রুপো জিতলে ৩০ লক্ষ ও ব্রোঞ্জ জিতলে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। কমনওয়েলথ গেমসের সোনাজয়ীরা পাবেন ২৫ লক্ষ টাকা, রুপোজয়ীরা পাবেন ১৫ লক্ষ ও ব্রোঞ্জজয়ীরা পাবেন ১০ লক্ষ টাকা।
- Related topics -
- খেলাধুলা
- কেন্দ্রীয় সরকার
- কমনওয়েলথ গেমস
- অলিম্পিক
- এশিয়ান গেমস


