Calcutta High Court | অঙ্গনওয়াড়ি কেন্দ্রও শিক্ষা প্রতিষ্ঠান, হাজার ফুটের মধ্যে মদের দোকান নয়, কড়া নির্দেশ হাই কোর্টের

Key Highlightsকোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক হাজার ফুটের মধ্যে মদের দোকান স্থানান্তর করা যাবে না, নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
সম্প্রতি কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে হবে। ফলে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক হাজার ফুটের মধ্যে মদের দোকান স্থানান্তর করা যাবে না। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ কোর্টের। সূত্রের খবর, হুগলি জেলার সারাই তিনার গ্রাম পঞ্চায়েতের তিনার মৌজায় ভাড়া বাড়িতে একটি বিদেশি মদের দোকান চালাতেন মামলাকারী। পরে নিজের জমিতে দোকানটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের আবগারি দপ্তরের কাছে আবেদন জানান তিনি। ওই জমির পাশেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে সেই আবেদন খারিজ করে দেয় দপ্তর। এরপরেই আদালতের দ্বারস্থ হন ওই দোকানের মালিক। তাঁর দাবি ছিল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সমতুল্য হিসেবে গণ্য করা যায় না। তাই মদের দোকান করে কোনো বাধা থাকার কথা নয়। মামলার প্রেক্ষিতে আদালত জানায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, তাই এই কেন্দ্রগুলো শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় আসে। আবেদনকারীর যুক্তি খারিজ করে আদালত পূর্বের রায় বহাল রেখেছে।
- Related topics -
- শহর কলকাতা
- মহানগর
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- সরকারি স্কুল


