Modi Govt | ১৫ হাজার ফোন, ১৬ জনের মৃত্যুর মাঝে ভারতীয় নাবিকদের রক্ষায় কী পদক্ষেপ করেছিল মোদি সরকার?

Key Highlightsঅস্থির পরিস্থিতির মধ্যে ভারতমুখী ৬০টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করেছে।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ। মাঝে ক’দিন সংঘর্ষবিরতি হলেও নতুন করে আমেরিকা-ইরান ধুন্ধুমার শুরু হয়েছে। এর ফলে বিশ্বের জ্বালানির ধমনী হরমুজ প্রণালী অবরুদ্ধই রয়ে গিয়েছে। এর মধ্যে দেশে জ্বালানি-সহ অন্যান্য জরুরি পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। অস্থির পরিস্থিতির মধ্যে ভারতমুখী ৬০টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করেছে। বিপজ্জনক উপসাগরীয় অঞ্চল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৩,৯৭২ জন ভারতীয় নাবিককে। যুদ্ধের মধ্যেও কীভাবে গোটা পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে, বৃহস্পতিবার সংসদে জানাল মোদি সরকার। জাহাজ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছিল। ওই কন্ট্রোল রুমে নাবিক এবং তাঁদের পরিবারের লোকেদের কাছ থেকে ১৫,৭৭১টি ফোন এবং ৩৬,৪৯৯টি ইমেল এসেছে। এইসঙ্গে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখনও পর্যন্ত ১৬ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন নাবিক। ‘সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি’-র মাধ্যমে মৃত নাবিকদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- হরমুজ় প্রণালী


