Assam Murder | ১৫ বছরের কিশোরীকে পাশবিক নির্যাতন-ধর্ষণের পরে হত্যা, অসমের ঘটনায় গ্রেফতার ৩ কিশোর!

Key Highlightsএই ঘটনায় তিন কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বয়স ১৭ থেকে ১৯-এর মধ্যে।
১৫ বছরের কিশোরীকে গণধর্ষণের পরে হত্যার অভিযোগে উত্তাল অসমের হাইলাখান্দি জেলা। এবার এই ঘটনায় তিন কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বয়স ১৭ থেকে ১৯-এর মধ্যে। তদন্তকারীদের সন্দেহ, ধৃতদের মধ্যে এক কিশোরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নাবালিকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ৬ নম্বর জাতীয় সড়কের কাছে হাইলাখান্দির আলোইছড়া এলাকায় নিজের বাড়ি থেকেই মেয়েটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। গোটা দেহে অসংখ্য ক্ষত, থেঁতলে দেওয়া হয়েছিল মুখ। কিশোরীর গোপানাঙ্গে গেঁথে ছিল লোহার রড। মেয়েটির পরিবারের অভিযোগ, একাধিক বার ধর্ষণের পরে গৃহস্থালির বিভিন্ন জিনিস ব্যবহার করে অত্যাচার চালানো হয়েছে। পুলিশের এক আধিকারিকও জানান, তদন্ত ও স্বাস্থ্য পরীক্ষার পরে এটা নিশ্চিত মেয়েটিকে পাশবিক নির্যাতনের পরে হত্যা করা হয়েছে। এরপরই তদন্তে নেমে রবিবার পাঁচ জনকে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে সোমবার তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মেয়েটিকে চিনত এবং তার বাড়ি সম্পর্কে সব কিছু জানত। তাদের মধ্যে যোগাযোগও ছিল। তবে হত্যার উদ্দেশ্য এখনও স্পষ্ট হয়নি।


